Home জাতীয় ‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে’
জাতীয়

‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে’

Share
Share

জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানী প্রদান ও সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব সবার জীবনে অর্জিত হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন কিংবা যাঁদের পরিবারের কেউ শহীদ হয়েছেন, তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই গৌরবের অংশীদার। তিনি উপস্থিত সবাইকে বীরোচিত অভিনন্দন জানান।

লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেক মানুষের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়নের বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নিয়ে আসছে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাবে।

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আবারও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ইতোমধ্যে এটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন...

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির!

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। সেই পরিচয় ঘিরে মানুষের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু...

Related Articles

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

সুন্দরবনে বনদস্যুর আতঙ্ক, জীবিকা বন্ধ; বই-খাতা নিয়ে রাজপথে শিক্ষার্থীরা

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে যেতে পারছেন না উপকূলের অনেক...

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

;