বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, “১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।”
বিদ্যুৎ খাত নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি। বর্তমান সরকার খাতটিকে স্বাভাবিক করার চেষ্টা করছে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের আড়াল করা ও অপমান করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
Leave a comment