বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের নিজস্ব বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। চীন সেই সিদ্ধান্তকে সম্মান করে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ব্লু পেপার’ প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করবে বেইজিং।
চীনের এই কূটনীতিক বলেন, কোনো দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না চীন। উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও কোনো রাজনৈতিক শর্ত আরোপ করে না দেশটি। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় বেইজিং।
বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না বলেও জানান লিউ ইউইন। তিনি বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগকেও স্বাগত জানায় চীন।
দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে লিউ ইউইন জানান, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বিআরআই সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এরপর ২০১৬ সালে প্রতিষ্ঠিত কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়।
ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে চীনের এই কূটনীতিক বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আগামী দশকে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন লিউ ইউইন।
Leave a comment