পশ্চিমবঙ্গে অবৈধভাবে গরু জবাই বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্যে ‘গোমাতা’ হত্যা করতে দেওয়া হবে না। এ জন্য প্রচলিত আইন কঠোরভাবে কার্যকরের পাশাপাশি নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না।’ গোপনে গরু জবাইয়ের ঘটনা বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০-এর বিধান কঠোরভাবে কার্যকর করা হবে। এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশনাও অনুসরণ করা হবে।
রাজ্যের কোথাও গোপনে গরু জবাই করা হলে সংশ্লিষ্ট তথ্য তাঁকে জানানোর আহ্বান জানান শুভেন্দু। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নতুন একটি বিল আনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের বিষয়টিকে অবৈধ জবাই থেকে আলাদা করে দেখার কথা বলেন তিনি। শুভেন্দু জানান, প্রচলিত আইনের আওতায় অনুমতি নিয়ে কসাইখানায় পশু জবাই করা হলে তাতে বাধা নেই।
এদিকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যার জন্য গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধিত গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় গবাদিপশুর পরিচর্যা ও সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে এ উদ্যোগ যুক্ত থাকবে।
এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। এতে গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়।
পাশাপাশি অনুমোদিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাইয়ের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
নতুন বিলের মাধ্যমে অবৈধ পশু জবাইয়ের বিরুদ্ধে বিদ্যমান আইনি ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের।
Leave a comment