প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ফ্রিডম কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে মোট ২৪টি দল অংশ নিচ্ছে, যা প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন আয়োজকেরা।
ইনার লন্ডন ফুটবল লিগ (আইএলএফএল) এবং ৫০অ্যাকটিভ ক্লাব ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত সাতজনের (সেভেন-এ-সাইড) এই টুর্নামেন্ট আগামী রোববার (২৮ জুন ২০২৬) লন্ডনের ম্যাবলি গ্রিন, লি কনজারভেন্সি রোডে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন বিভিন্ন বয়স ও পটভূমির খেলোয়াড়, সঙ্গে থাকবেন পরিবার-পরিজন ও সমর্থকেরা।
ফ্রিডম কাপের মূল লক্ষ্য হলো খেলাধুলার মাধ্যমে কমিউনিটির বন্ধন দৃঢ় করা এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সময়ের সঙ্গে সঙ্গে এই টুর্নামেন্ট লন্ডনের বাংলাদেশি কমিউনিটির একটি অন্যতম প্রধান ক্রীড়া ও সামাজিক আয়োজনে পরিণত হয়েছে।
এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগ রাখা হয়েছে—ওপেন এজ, ভেটেরান্স (৩৫+) এবং ভেটেরান্স (৫০+)। এর ফলে তরুণ থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড়—সবাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আয়োজকেরা মনে করছেন, এই বহুমাত্রিক অংশগ্রহণ টুর্নামেন্টে প্রতিযোগিতা ও সৌহার্দ্য—দুইই বাড়াবে।
ড্র অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা টুর্নামেন্ট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজকেরা জানান, প্রতিটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার জন্য প্রস্তুত, যা দর্শকদের জন্য আকর্ষণীয় ম্যাচ উপহার দেবে।
মাঠের খেলার পাশাপাশি এই আয়োজন ঘিরে থাকবে নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, বন্ধুত্ব সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ের খেলাধুলার ইতিবাচক প্রভাব তুলে ধরা হবে।
ইনার লন্ডন ফুটবল লিগের চেয়ারম্যান নানু মিয়া বলেন, ‘ফ্রিডম কাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি আমাদের ঐতিহ্য, কমিউনিটি এবং অভিন্ন মূল্যবোধের প্রতিফলন। ফুটবলের মাধ্যমে আমরা মানুষকে একত্র করি, বন্ধুত্ব গড়ে তুলি এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সংযোগ তৈরি করি। এবারের আয়োজন আরও বড় পরিসরে এবং প্রতিযোগিতামূলক হবে বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করছে।
আয়োজকেরা আশা করছেন, ফ্রিডম কাপ ২০২৬ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, অংশগ্রহণ এবং গর্বের এক অনন্য উৎসব।

Leave a comment