কখনো লন্ডনের রাজপথে, কখনো ঢাকার ব্যস্ত সড়কে, আবার কখনো কক্সবাজারের দীর্ঘ পথে কিংবা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপের দুর্গম চরাঞ্চলে—বিভিন্ন সময়ে নিজেই গাড়ি চালাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রবাসজীবনে গড়ে ওঠা গাড়ি চালানোর অভ্যাস প্রধানমন্ত্রী হওয়ার পরও ধরে রেখেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে আকাশি রঙের পোলো শার্ট পরা অবস্থায় সেনাবাহিনীর একটি অফরোড ফোরহুইল ড্রাইভ গাড়ি নিজেই চালিয়ে চরাঞ্চলের অসমতল পথে চলতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণদ্বীপে প্রশিক্ষণ মহড়া ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারেক রহমানের নিজ হাতে গাড়ি চালানোর অভ্যাস দীর্ঘদিনের। লন্ডনে প্রবাসজীবনেও তিনি নিয়মিত নিজের গাড়ি নিজেই চালাতেন। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ দেখা যায় ২০২৫ সালের ৮ জানুয়ারি। সেদিন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হিথরো বিমানবন্দর থেকে মাকে নিজেই গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। পরবর্তী সময়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার সময়ও গাড়ির চালকের আসনে ছিলেন তিনি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও তাঁর এই অভ্যাসে পরিবর্তন আসেনি। রাজধানীতে জনভোগান্তি কমাতে প্রচলিত প্রটোকলে পরিবর্তনের নির্দেশ দেওয়ার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে।
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে থেকেও বিভিন্ন স্থানে নিজেই গাড়ি চালানোর দৃশ্য তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত অভ্যাসের ধারাবাহিকতাকেই সামনে এনেছে।
Leave a comment