Home জাতীয় অপরাধ ‘ইলিয়াস আলীকে গুম করলাম’, জিয়াউল আহসানের ফোনালাপ আদালতে উপস্থাপন
অপরাধ

‘ইলিয়াস আলীকে গুম করলাম’, জিয়াউল আহসানের ফোনালাপ আদালতে উপস্থাপন

Share
Share

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এক সাক্ষীর জবানবন্দির বরাতে একটি কথিত ফোনালাপ তুলে ধরা হয়েছে। এতে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের দাবি, কথিত এই ফোনালাপ ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর জবানবন্দি অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র‌্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।

সেখানে যাওয়ার উদ্দেশ্য বা কাকে গাড়িতে তুলে নেওয়া হবে, সে বিষয়ে ইমরুল কায়েসের কিছু জানা ছিল না। তবে তিনি লক্ষ্য করেন, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করে নির্দিষ্ট একজনের সেখানে আসার সময় জানতে চাইছিলেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, সেদিন ওই ব্যক্তি আসবেন না। পরে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দেওয়া হয়।

এরপর নয় দিনের ছুটিতে যান ইমরুল কায়েস। ছুটিতে থাকাকালে গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিবেশ দেখতে পান তিনি। সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিয়মিত সকাল ৯টার পরিবর্তে ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় ফল-ইন বা রোল কল শুরু হয়। কয়েক দিন জিয়াউল আহসানও সেখানে উপস্থিত ছিলেন।

ইমরুল কায়েসের দাবি, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর ফোনে আরেকটি কল এলে তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’ পরে তারেক আহমেদ সিদ্দিকের সঙ্গে তাঁর কথোপকথন হয়।

সাক্ষীর জবানবন্দি থেকে উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর আদালতে জানান, ওই কথোপকথনে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

রাষ্ট্রপক্ষের দাবি, কথোপকথনে ‘গলফ’ শব্দটি গুমের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, ইমরুল কায়েস নিজ কানে ওই কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, এতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গুম ও হত্যার অভিযোগের পক্ষে একাধিক সাক্ষীর জবানবন্দি ও অন্যান্য তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান বা পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

;