Home সাম্প্রতিক প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএসের জরিপ
সাম্প্রতিক

প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএসের জরিপ

Share
Share

দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায় এবং সবচেয়ে কম খুলনা বিভাগের বাগেরহাটে। ভোলায় একজন নারীর জীবদ্দশায় গড়ে সন্তান জন্মদানের আনুমানিক সংখ্যা ৩ দশমিক ৫০, আর বাগেরহাটে ১ দশমিক ৫০। জাতীয় পর্যায়ে এ হার ২ দশমিক ৪০। একই জরিপে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে জয়পুরহাট জেলায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে তৈরি ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিবিএস।

জরিপে দেশের ৬৪ জেলা ও তিনটি সিটি করপোরেশন এলাকার মোট ৬২ হাজার ৯৮০টি পরিবারকে নমুনা হিসেবে নির্বাচন করা হয়। এর মধ্যে ৬১ হাজার ২০৭টি পরিবারের সাক্ষাৎকার সম্পন্ন হয়। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এরপর নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় মোট প্রজনন হার ২ দশমিক ৮০।

অন্যদিকে বাগেরহাটের পর যশোর, রাজবাড়ী ও নওগাঁয় প্রজনন হার সবচেয়ে কম, ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।

বিভাগভিত্তিক হিসাবে সর্বনিম্ন খুলনায়

বিভাগভিত্তিক পরিসংখ্যানেও প্রজনন হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আট বিভাগের মধ্যে মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশালে, ২ দশমিক ৬০। অন্যদিকে সর্বনিম্ন খুলনায়, ২ দশমিক ০০।

চট্টগ্রামে এ হার ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০।

এসব তথ্য থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সন্তান জন্মদানের প্রবণতায় পার্থক্যের চিত্র পাওয়া যায়।

বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট, সর্বনিম্ন সিলেটে

জরিপে দেশের বিভিন্ন জেলার মধ্যে বাল্যবিবাহের হারেও বড় ধরনের পার্থক্য উঠে এসেছে।

জাতীয় পর্যায়ে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

জেলাভিত্তিক হিসাবে এ হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলার বর্তমানে ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনের বিয়ে হয়েছে ১৮ বছর বয়সের আগেই।

বাল্যবিবাহের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, ৬৭ দশমিক ৯ শতাংশ। এরপর ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ এবং যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ, মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ নারীর ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে।

বিপরীতে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেট জেলায়, ১২ দশমিক ৮ শতাংশ।

সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ এবং চট্টগ্রাম জেলায় ২৯ শতাংশ।

মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায়ও আঞ্চলিক পার্থক্য

প্রতিবেদনে প্রজনন হার ও বাল্যবিবাহের পাশাপাশি মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা এবং শিশু সুরক্ষার বিভিন্ন সূচক বিশ্লেষণ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, গর্ভকালীন স্বাস্থ্যসেবা এবং প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির ক্ষেত্রে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।

জেলাভিত্তিক এসব তথ্য দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও শিশু সুরক্ষার পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;