গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, পাখা ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সরকারি ছুটির দিনে দাপ্তরিক কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। পরে বেলা পৌনে তিনটার দিকে এক শিক্ষক তাঁকে ফোন করে জানান, ছাত্রদল নেতা সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি পাখা খুলে নিয়ে যাচ্ছেন।
অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে নিয়ে যাওয়ার ঘটনায় কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নিয়েছেন।
থানায় করা অভিযোগে বলা হয়েছে, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের গালিগালাজ ও হুমকি দেন। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।
এদিকে কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলেও স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment