নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা-পুলিশের একটি দল নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি ব্রিজের ওপর মাদক বিক্রির সময় মো. জহুরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বুক পকেটে থাকা গুলের কৌটা থেকে ৩০টি এবং তাঁর সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৩৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৬৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম। এগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার জহুরুল ইসলাম ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment