রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কবরস্থানে প্রবেশ করেন এবং শহীদদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের সময় ডা. শফিকুর রহমান শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সামরিক সংগঠনের পক্ষ থেকে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর ধারাবাহিক কর্মসূচি পালিত হয়।
২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক হত্যাকাণ্ড। বিদ্রোহী সদস্যদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। ঘটনার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে একাধিক রায় ঘোষণা হয়, যা দেশের আইন ও বিচার ব্যবস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত।
এর আগে বুধবার সকালে একই স্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
Leave a comment