নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি দল অভিযানটি চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষে থাকা একটি টিনের বাক্স তল্লাশি করা হয়। এ সময় ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি আরও একজনের সহযোগিতায় গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ওই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment