রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়দের মারধরে ওই যুবক আহত হন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ওসি বলেন, থানায় নেওয়ার পর আহত যুবককে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরের দিকে তাঁকে আবার থানায় আনা হতে পারে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই যুবককে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় আটকের দৃশ্য দেখা গেছে। ভিডিওটির সঙ্গে ছড়ানো দাবিতে তাঁকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Leave a comment