Home সাম্প্রতিক ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
সাম্প্রতিক

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

Share
Share

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও লেটার তৈরি ও ব্যবহার করে বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক সহকারী কমিশনার (ভূমি)–এর বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন। মামলায় বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বাদী জানতে পারেন, শাওন মজুমদার সুমন ডেপুটি স্পিকারের নামে একটি জাল ডিও লেটার তৈরি করেছেন। ওই চিঠিতে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি লেটারহেড ব্যবহার করা হয়।

এজাহার অনুযায়ী, ওই চিঠির মাধ্যমে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তাঁর বদলির আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিটি উপস্থাপন বা উপস্থাপনের চেষ্টা করা হয়।

পরে চিঠিটি যাচাই করে দেখা যায়, কথিত ডিও লেটারটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। চিঠিতে ব্যবহৃত ডেপুটি স্পিকারের স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যও সরকারি রেকর্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডেপুটি স্পিকারের পদমর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি নথি ও পরিচয় অবৈধভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র জড়িত থাকতে পারে। এ কারণে ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, নথিপত্র যাচাই, মোবাইল ফোন, কম্পিউটার, ই-মেইল, প্রিন্টিংয়ের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক ও যোগাযোগের তথ্য তদন্ত করে জড়িতদের শনাক্ত করার অনুরোধ করা হয়েছে।

এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১২০-বি ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সঙ্গে কথিত জাল ডিও লেটার, প্রকৃত ডিও প্যাডের নমুনা ও অন্যান্য নথি সংযুক্ত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...

;