সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
শুক্রবার সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে তিন বছর বয়সী শিশু ফাইজা ও ২২ বছর বয়সী তিতন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থলে মারা যান আরও সাতজন।
ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড়ের লক্ষ্মীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরের সোবহানীঘাটের বাসিন্দা প্রীতম দাশ (২২)।
হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রবণতার কারণে ওসমানীনগরে তিন বছরের শিশুসহ নয়জনের প্রাণ গেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলে এবং দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
Leave a comment