ডেটিং অ্যাপে দীর্ঘদিন সঙ্গী খুঁজেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকেই এখন বাস্তব জীবনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পথ বেছে নিচ্ছেন। এই প্রবণতায় এবার যুক্ত হয়েছে সুপারশপ। ফিনল্যান্ডে বাজার করতে গিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছেন অনেক সিঙ্গেল মানুষ।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ডের কয়েকটি সুপারশপে সম্প্রতি চালু হয়েছে বিশেষ গোলাপি শপিং ঝুড়ি। সাধারণ কালো বা ধূসর ঝুড়ির পাশাপাশি রাখা এই গোলাপি ঝুড়ি হাতে নেওয়ার অর্থ—ব্যক্তিটি সিঙ্গেল এবং নতুন কারও সঙ্গে পরিচিত হতে আগ্রহী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই উদ্যোগ। বিষয়টি নিয়ে তৈরি ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখেছেন। অনেকেই এটিকে ডেটিং অ্যাপের তুলনায় নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সহজ ও স্বাভাবিক উপায় হিসেবে দেখছেন।
সুপারশপে প্রেমের ট্রেন্ড নতুন নয়
সুপারশপকে নতুন সঙ্গী খোঁজার জায়গা হিসেবে ব্যবহারের প্রবণতা অবশ্য একেবারে নতুন নয়। ২০২৪ সালে স্পেনেও এমন একটি ট্রেন্ড ভাইরাল হয়েছিল। সেখানে সিঙ্গেলরা শপিং ট্রলিতে উল্টো করে আনারস রেখে নিজেদের নতুন সম্পর্কে আগ্রহের বিষয়টি বোঝাতেন। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়কে অনেকে অনানুষ্ঠানিক ‘ডেটিং আওয়ার’ হিসেবেও ব্যবহার করতেন।
ডেটিং অ্যাপে ক্লান্তি
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের অন্যতম কারণ ‘ডেটিং অ্যাপ ফ্যাটিগ’ বা ডেটিং অ্যাপ নিয়ে ক্লান্তি। বছরের পর বছর অসংখ্য প্রোফাইল দেখা, অ্যালগরিদমের ওপর নির্ভর করা এবং একই ধরনের অনলাইন কথোপকথনে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন।
তাই অনেকে এখন এমন জায়গায় মানুষের সঙ্গে পরিচিত হতে চাইছেন, যেখানে স্বাভাবিকভাবে কথোপকথন শুরু করার সুযোগ থাকে।
সুপারশপে মানুষ সাধারণত একই উদ্দেশ্যে—বাজার করতে—আসেন। ফলে কোনো পণ্য নিয়ে কথা বলা, মতামত জানতে চাওয়া বা ছোটখাটো কথোপকথনের মাধ্যমে পরিচয় তৈরি করা তুলনামূলক সহজ। এখানে ডেটিং অ্যাপের মতো সাজানো প্রোফাইল বা ভার্চুয়াল পরিচয়ের প্রয়োজন নেই।
অফলাইন সম্পর্কের দিকে ঝুঁকছেন মানুষ
এই প্রবণতা শুধু ফিনল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ অনলাইন ডেটিংয়ের পাশাপাশি রানিং ক্লাব, বই পড়ার আড্ডা, ভ্রমণ দল, শখের সংগঠন ও বিভিন্ন সামাজিক আয়োজনের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার দিকে ঝুঁকছেন।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু প্রেম খোঁজার নতুন কৌশল নয়; বরং অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সামাজিক যোগাযোগ ও সম্পর্ককে গুরুত্ব দেওয়ার পরিবর্তনেরও ইঙ্গিত।
ফলে ভবিষ্যতে ডেটিং অ্যাপের পাশাপাশি সুপারশপের শপিং ঝুড়িও হয়ে উঠতে পারে নতুন সম্পর্কের একটি ‘সিগন্যাল’।
Leave a comment