পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠকের বিষয়টি সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা পর্যন্ত ২৭ সেপ্টেম্বরের আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আর যাবেন না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি বলেছেন, এর মধ্যে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়া হলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করবেন।
ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সোহেল আফ্রিদি।
তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেই কেবল আমি আবার এখানে আসব।’
আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সোহেল আফ্রিদি অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিতে চাইছে না। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পিটিআইয়ের নেতা-কর্মী ও আইনজীবীদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, হাইকোর্ট সপ্তাহে দুবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও তা কার্যকর করা হচ্ছে না। এটি দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর বড় আঘাত। এমন পরিস্থিতিতে রাজপথে নেমে প্রতিবাদ করা ছাড়া তাঁদের সামনে আর কোনো পথ নেই।
সোহেল আফ্রিদি আরও বলেন, ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়া হলে পিটিআইয়ের ‘ডি-চক’ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে সড়ক অবরোধ করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানান।
পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। দলটির নেতা-কর্মীরা বিভিন্ন মোড়ে গিয়ে ইমরান খানের পক্ষে স্লোগান দিয়েছেন।
সোহেল আফ্রিদি দাবি করেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং ইমরান খানই তা নিশ্চিত করতে পারেন। আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের ‘স্বৈরাচারী আচরণের’ বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয়। ইমরানের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়া হলে সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি আরও জোরদার করা হবে।
ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা দাবি করে সোহেল আফ্রিদি বলেন, দেশটির চলমান সংকট ও রাজনৈতিক অস্থিরতার সমাধান কেবল ইমরানের নেতৃত্বেই সম্ভব। ২৭ সেপ্টেম্বরের গণপদযাত্রা কর্তৃপক্ষের জন্য ‘দুঃস্বপ্নে’ পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a comment