নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, আজকের বৈঠকে তার প্রমাণ পাওয়া গেছে। এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।
তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি আলোচনায় এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐক্য হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশের পথে সবাই মিলে এগিয়ে যাবে।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও জানান মাহ্দী আমিন।
এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, এনসিপি তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন।
Leave a comment