চীনের শেনঝেনে প্রায় ৯০ মিনিটের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির যৌথ ঘোষণা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবিসির খবর।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এটি ইতিহাসের প্রথম এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক।
বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় তিন নেতা বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এ ধরনের যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।’ পারমাণবিক ঝুঁকি হ্রাস ও অস্ত্রের বিস্তার রোধে সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অঙ্গীকারও করা হয়েছে ঘোষণায়। এর উদ্দেশ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা।
এ ছাড়া জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারের অপব্যবহার রোধের বিষয়েও একমত হয়েছেন তিন নেতা।
শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভ ও ইউরোপ এখনো কোনো ধরনের সমঝোতা বা ছাড় দিতে প্রস্তুত নয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‘আগ্রাসী’ বা আক্রমণকারী শক্তি হিসেবে চিহ্নিত করার ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেন পুতিন।
এর আগে ত্রিপক্ষীয় বৈঠকের আগে একই ভেন্যুতে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্টকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প।
Leave a comment