চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মেহেরপুর গ্রামে বসতভিটা নিয়ে বিরোধের জেরে উচ্ছেদের চেষ্টার অভিযোগ ওঠা একটি হিন্দু পরিবারের সঙ্গে দেখা করেছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আমিনুল ইসলামের প্রতিনিধিরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নের ওই গ্রামে গিয়ে তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতা আলহাজ ইয়াসিন আলী সরদার ও সাদিকুল ইসলাম ওই পরিবারের সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার ওই পরিবারকে উচ্ছেদের চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন বলে জানা গেছে।
এ সময় ইয়াসিন আলী সরদার বলেন, ‘সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলামের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী আমরা এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে গোমস্তাপুর উপজেলার অবহেলিত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সংখ্যালঘু ও আদিবাসী পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারও এসব পরিবারের পাশে রয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a comment