মো. ইয়াছিন সরকার, কুমিল্লা
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বাদ আসর উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলকারীরা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউছুফ সোহেল, উপজেলা জামায়াতের আমির আবু নছর মো. ইলিয়াছ, সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, অর্থ সম্পাদক আবু বকর, কর্মপরিষদ সদস্য মাওলানা মনসুর মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল এবং পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের একটির ফলাফলের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করেছে। তবে তাদের দাবি, সরকার এখনো গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি। গণভোটের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হতে পারে বলে তারা মন্তব্য করেন।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন।
Leave a comment