অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে সবাইকে সহনশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছে কোনো না কোনো নেতা।’
এনসিপির কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করে, আওয়ামী লীগের ৭১ কুক্ষিগত করার ন্যায় এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এনসিপি দুর্নীতি করেছে ইত্যাদি।’
তবে বর্তমানে এনসিপির কর্মকাণ্ড তেমন পরিলক্ষিত হচ্ছে না উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাইও করা যাচ্ছে না।’
জামায়াত-শিবিরের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে।’
তবে বিরোধী দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন মন্তব্যের সঙ্গে একমত নন জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি সে কথা বলতে চাই না।’
সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি, বিরোধী দলেও ছয় মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হোক।’
Leave a comment