২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
নতুন সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শীতকালীন ছুটির কারণে পরীক্ষার সূচি এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ডগুলো।
তবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ১৫ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা জানানো হয়েছিল। ওই সূচিতে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।
Leave a comment