আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থান–সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে ছয়টি মামলার বিচার শেষ হয়েছে। এর মধ্যে তিনি দায়িত্ব নেওয়ার আগে তিনটি এবং পরে তিনটি মামলার রায় হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচার শেষ করতে পারাটা অত্যন্ত দ্রুততম অর্জন। একই সঙ্গে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই এসব বিচার সম্পন্ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘এর চেয়েও দ্রুত বিচার সম্পন্ন করা হলে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হতে পারে। তাই বিচারপ্রক্রিয়া স্বচ্ছতা ও স্বাভাবিক গতি বজায় রেখেই এগিয়ে নেওয়া হচ্ছে।’
বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, চলতি মাসেই আরও প্রায় তিনটি মামলার রায় হতে পারে। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মামলায় বর্তমানে যুক্তিতর্কের শুনানি চলছে। এ ছাড়া সাবেক মন্ত্রী মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো সময় ঘোষণা করা হতে পারে।
যাত্রাবাড়ীর বহুল আলোচিত তাইম হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘যাত্রাবাড়ীতে অত্যন্ত নৃশংসভাবে তাইমকে হত্যা করা হয়েছিল। এ মামলার যুক্তিতর্কের শুনানি কয়েক দিনের মধ্যেই শুরু হবে।’
তিনি আরও বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মামলাসহ আরও কয়েকটি মামলার বিচারও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Leave a comment