
ইরানের সাম্প্রতিক হামলা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে বিভিন্ন দেশের ১৯৪ জনকে গ্রেপ্তার করেছে কাতারের কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার এবং যাচাইবিহীন তথ্য ছড়ানো জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে, যা রাষ্ট্রীয় নির্দেশনার পরিপন্থী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলার প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ছিল। এসবের মধ্যে অনেকগুলো ছিল গুজব, অতিরঞ্জিত দাবি বা বিভ্রান্তিকর তথ্য, যা সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা ও ভীতি তৈরি করার ঝুঁকি তৈরি করে। এ ধরনের কর্মকাণ্ড নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন দেশের মোট ১৯৪ জনকে আটক করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ধারণ, প্রচার বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, জাতীয় নিরাপত্তা বা চলমান পরিস্থিতি সম্পর্কে যাচাই ছাড়া তথ্য ছড়ানো শুধু আইন ভঙ্গই নয়, বরং জনমনে উত্তেজনা ও ভুল ধারণা তৈরি করতে পারে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাসিন্দা ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য বিশ্বাস করার আগে তা যাচাই করেন এবং শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর নির্ভর করেন। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে।
Leave a comment