চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চারটি আম ব্যবসায়ী সংগঠনের নেতারা। একই সঙ্গে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তি পাড়া) থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। চারটি আম ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু।
লিখিত বক্তব্যে গত মঙ্গলবার রাতে আম ব্যবসায়ীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, তারিক আহমেদ, আশরাফুল ইসলাম ও আলাউদ্দিন পারভেজ; জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল; রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন; রহনপুর আমচাষী সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেবসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়ার মাদক কারবারিদের হামলায় পাঁচজন আম ব্যবসায়ী আহত হন বলে অভিযোগ রয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও ভাঙচুর করা হয়।
Leave a comment