বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, যারা এখনও স্বপ্ন দেখে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, শেখ হাসিনা কোথায় ফিরে আসবেন? তিনি তো হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আর বাংলাদেশে তার ফিরে আসার মতো ন্যূনতম কোনো জায়গা বা সুযোগ নেই।
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনতার উদ্দেশে এনসিপির এই শীর্ষ নেতা হুঙ্কার দিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনীতি যাই হোক না কেন, শেখ হাসিনা যদি দেশে পা রাখেন তবে জনগণই তার বিচার করবে। দেশের হাজার হাজার স্থানে জনগণ তাকে প্রতিহত করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। তিনি যেখানেই নামবেন, ক্ষুব্ধ জনতা এক সেকেন্ডও দেরি না করে তাকে ধরে ফাঁসি কার্যকর করবে।
সমাবেশে এনসিপির মূল রাজনৈতিক লক্ষ্য, ভবিষ্যৎ রাষ্ট্র পুনর্গঠন ও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। তাড়াইল উপজেলার এই সমাবেশে এনসিপির উত্তরঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, তাড়াইলের সমাবেশ সফলভাবে শেষ করার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলটি সোমবার রাতেই জেলার করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি গণসমাবেশে অংশ নেয়।
Leave a comment