বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। এ সংস্কার সবার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সত্যি বলতে, আমি এখানে এসেছি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁকে শুভেচ্ছা জানাতে। এর আগে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলাম। তবে সশরীর উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে পারাটা ছিল আনন্দের।’
বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘তিনি দ্বৈত ভূমিকায় থাকলেও তাঁর সঙ্গে আমার বৈঠক হয়েছে শুধু সাধারণ পরিষদের সভাপতি হিসেবে। আমি জাতিসংঘের সংস্কার সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। খলিলুর রহমান এ বিষয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারগুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বুঝতে চেয়েছি। কারণ, বিষয়গুলো আমাদের সবার স্বার্থসংশ্লিষ্ট। এটি একটি অভিন্ন স্বার্থ।’
এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। এ বিষয়ে এর বেশি কিছু বলতে চান না বলেও জানান তিনি। সাক্ষাতের জন্য খলিলুর রহমানকে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার।
এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
Leave a comment