বাসে হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং গালিগালাজের অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ২০টির বেশি বাস আটকে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে বেলা আড়াইটার দিকে পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।
অভিযোগকারী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর সিটি কলেজ এলাকা থেকে মা ও বোনকে নিয়ে বাইপাইল যাওয়ার পথে ঠিকানা পরিবহনের একটি বাসে তাঁর সঙ্গে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহা অভিযোগ করেন, তিনি মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। ওই পথে আগে ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা দাবি করেন। ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা না থাকায় তিনি শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেওয়ার কথা জানান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় বাসের চালক জানান, তাঁরা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নেবেন না।
পরে পুরো ভাড়া পরিশোধ করলেও বাসের সহকারী দুর্ব্যবহার করতে থাকেন বলে অভিযোগ করেন মেহা। তাঁর মা এ আচরণের প্রতিবাদ জানালে বাস থেকে নামার পর সহকারী তাঁকে উদ্দেশ করে গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করে হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে নিয়ে যান। তাঁরা অভিযুক্ত পরিবহনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবহন কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, শিক্ষার্থীদের বাস আটকে রাখার বিষয়টি তিনি জানেন। পরিবহন মালিকপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর শনিবার বেলা আড়াইটার দিকে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
Leave a comment