সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে বিশ্বে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সামরিক শক্তি মূল্যায়নকারী সংস্থা গ্লোবাল ফায়ারপাওয়ারের (Global Firepower) ২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট সামরিক ও আধা সামরিক জনবলের আনুমানিক সংখ্যা ৭০ লাখ ৪ হাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা ২ লাখ ৪ হাজার। অন্যদিকে আধা সামরিক বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৬৮ লাখ। সংস্থাটির হিসাবে বাংলাদেশের জন্য পৃথক রিজার্ভ সামরিক সদস্যের সংখ্যা শূন্য দেখানো হয়েছে।
বাংলাদেশের এই অবস্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিপুল সদস্যসংখ্যা। তবে এই বাহিনীর উল্লেখযোগ্য অংশ স্বেচ্ছাসেবী বা খণ্ডকালীন সদস্য হওয়ায় তাঁদের সবাইকে নিয়মিত সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিবেচনা করা যায় না।
সম্মিলিত জনবলের হিসাবে বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটির মোট সামরিক ও আধা সামরিক জনবল প্রায় ৫৭ লাখ। এরপর ইউক্রেনে ৫০ লাখ এবং ভারতে প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার সদস্য রয়েছে।
এ ছাড়া দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রও এই তালিকায় রয়েছে।
তবে সামরিক জনবলের সংখ্যায় শীর্ষে থাকা মানেই সামগ্রিক সামরিক শক্তিতে প্রথম হওয়া নয়। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামগ্রিক সামরিক শক্তির সূচকে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
সামরিক শক্তি মূল্যায়নের ক্ষেত্রে জনবলের পাশাপাশি অস্ত্রশস্ত্র, প্রযুক্তি, বিমান ও নৌ সক্ষমতা, প্রতিরক্ষা বাজেট এবং সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহের সামর্থ্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।
Leave a comment