বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাসের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য সরকারি আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের ওয়াশরুমও তাঁর পরিবারের দখলে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুলের বিরুদ্ধে। স্থানীয় অভিভাবকদের দাবি, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
সরেজমিনে বিদ্যালয়ের একটি কক্ষে খাট, টেবিলসহ আবাসিক ব্যবহারের বিভিন্ন আসবাবপত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সরকারি বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে সেখানে শোবার ঘর, খাবার জায়গা ও রান্নার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন অভিভাবকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১০ মে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দেন আফরোজা বুলবুল। পরে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে ২০১২ সালের শুরুর দিকে চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ে যোগদানের পর তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে আত্মীয়তার সম্পর্কের প্রভাব খাটিয়ে বিদ্যালয় ভবনের দুটি কক্ষ ব্যবহার শুরু করেন ওই শিক্ষিকা। পরে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানে বসবাস করতে থাকেন।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও শিক্ষিকার পরিবার ব্যবহার করছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ছাড়া এর আগে স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে ওই শিক্ষিকাকে বিদ্যালয় ভবন ছাড়তে হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পুনরায় বিদ্যালয়ের কক্ষগুলোতে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষ জানে, দাবি শিক্ষিকার
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুল বলেন, বিদ্যালয় ভবনে তাঁর বসবাসের বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মণ্ডলসহ কর্তৃপক্ষের জানা রয়েছে।
তবে বিদ্যালয়ের কক্ষ ও সরকারি আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে তাঁর কোনো লিখিত অনুমতি রয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
এ বিষয়ে মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম বা অন্য কোনো সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাসের জন্য ব্যবহারের সুযোগ নেই।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা গুরুতর অনিয়ম ও শৃঙ্খলাপরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হবে।
অভিযোগটি কর্তৃপক্ষের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, সরেজমিনে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীও অভিযোগটি তদন্তের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা অন্যান্য সম্পদ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বিষয়টির দ্রুত তদন্ত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকেরা।
Leave a comment