ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার প্রেমিকার অভিমান ভাঙাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক যুবক।
প্রিয় মানুষের কাছে ক্ষমা চেয়ে শহরের একটি স্থানে টাঙানো হয়েছে ব্যানার। তবে কে বা কারা এ উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বিষয়টি জানা যায়।
ব্যানারে প্রেমিক নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়েছেন। ব্যতিক্রমী এই সম্বোধন ও ক্ষমা চাওয়ার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে নানা আলোচনা ও মন্তব্য।
এদিকে, আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’
শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’
Leave a comment