নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। সেই পরিচয় ঘিরে মানুষের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু করে। ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন তাঁকে দেখতে গ্রামের মানুষ ভিড় করবেন। সেই স্বপ্ন পূরণ করতেই ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকির।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে হেলিকপ্টারে নবদম্পতির আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ধানখেতের পাশে তৈরি করা হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। নবদম্পতিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন শত শত মানুষ।
শাহিন ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার জন্য হেলিকপ্টার ভাড়া করেন তিনি। এ জন্য প্রশাসনের অনুমতিও নিতে হয়েছে।
ব্যতিক্রমী এই আয়োজনের প্রস্তুতি চলে প্রায় দুই সপ্তাহ ধরে। ধানখেতে হেলিপ্যাড তৈরি, প্রশাসনকে অবহিত করা, গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, বাড়িঘর সাজানো এবং রাস্তাঘাট সংস্কারসহ নানা আয়োজন করা হয়। ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে হেলিকপ্টারে নববধূকে নিয়ে শাহিনের বাড়ি ফেরার খবর। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। কেউ বলেন, ‘বাপের বেটা শাহিন দেখিয়ে দিল’, আবার কেউ তাঁর ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় শাহিন ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দিত। ছোটবেলায় দেখা স্বপ্নের মতোই বিয়ের পর নববধূকে নিয়ে গ্রামে ফিরেছেন তিনি। তাঁকে একনজর দেখতে ভিড় করেছেন গ্রামের মানুষ।
Leave a comment