অন্যের নাম-পরিচয় ও শিক্ষাগত সনদ ব্যবহার করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রায় চার দশক চাকরি এবং সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে অবসরপ্রাপ্ত এক সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে নেওয়া বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আকবর আলী। তিনি মো. জাহাঙ্গীর আলমের পরিচয় ব্যবহার করে বিজিবিতে চাকরি করেছেন। সর্বশেষ রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রায় ঘোষণার সময় আকবর আলী আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে সিরাজগঞ্জে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য আবেদন করেন জাহাঙ্গীর আলম ও আকবর আলী।
নিয়োগ পরীক্ষায় জাহাঙ্গীর আলম নির্বাচিত হলেও পারিবারিক কারণে চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হন।
পরে জাহাঙ্গীর আলমের অজান্তে তাঁর নাম, বাবার নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে যোগ দেন আকবর আলী।
এরপর দীর্ঘ সময় ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা গ্রহণ করেন তিনি। ২০২২ সালের ২৫ মে তিনি চাকরি থেকে অবসর নেন।
তদন্তে আরও উঠে আসে, প্রকৃত পরিচয় গোপন রাখতে ১৯৮৪ সালের বিয়ের কাবিননামায়ও অন্যের নাম ব্যবহার করেন আকবর আলী। পাশাপাশি চাকরির নথিতে জন্মতারিখ ও বাবার নাম পরিবর্তন এবং ১৯৮৭ সালে স্থায়ী ঠিকানা বদলের তথ্য পাওয়া যায়।
তদন্তকারীদের দাবি, নিজের পরিচয়সংক্রান্ত ভুয়া তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেছিলেন তিনি।
দীর্ঘদিন পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
পরে ২০২২ সালের ৭ জুন দুদক মামলা করে। তদন্ত শেষে ২০২৪ সালে আকবর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
চার ধারায় ১৩ বছরের কারাদণ্ড
মামলার বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনা শেষে দণ্ডবিধির চারটি পৃথক ধারায় আকবর আলীকে মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
দুদকের আইনজীবী খন্দকার শামীম হোসেন জানান, অন্যের পরিচয় ব্যবহার করে প্রতারণা, গুরুত্বপূর্ণ দলিল জাল, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং জাল দলিল আসল হিসেবে ব্যবহারের দায়ে তাঁকে পৃথক সাজা দেওয়া হয়েছে।
চার ধারায় তাঁকে যথাক্রমে তিন বছর, পাঁচ বছর, চার বছর ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মোট পাঁচ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, কারাদণ্ডগুলো একটির পর একটি কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।
এ ছাড়া চাকরিজীবনে অবৈধভাবে উত্তোলিত বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ওই অর্থ আদায়ের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়েছে, গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর তাঁর কারাদণ্ড কার্যকর শুরু হবে।
Leave a comment