Home জাতীয় দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ
জাতীয়

দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ

Share
Share

বাংলাদেশে জেলাভিত্তিক প্রজনন হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। অন্যদিকে সবচেয়ে কম খুলনা বিভাগের বাগেরহাটে, ১ দশমিক ৫০।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে বিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। অর্থাৎ ভোলার প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।

ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।

অন্যদিকে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায়, ১ দশমিক ৭০। এ ছাড়া কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০। বিপরীতে বরিশাল বিভাগে এ হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে এ হার ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।

প্রতিবেদনে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। একদিকে গর্ভনিরোধক ব্যবহারের হার কমছে, অন্যদিকে প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়ছে—এটি উদ্বেগজনক পরিস্থিতি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

এদিকে বিবিএসের প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাভিত্তিক বড় ধরনের বৈষম্যের চিত্র উঠে এসেছে।

গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির দিক থেকে কয়েকটি জেলা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে।

বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় বাল্যবিবাহ। দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটির ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।

বাল্যবিবাহের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা, ৬৭ দশমিক ৯ শতাংশ। এরপর ভোলায় এ হার ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ, টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ, মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ, বগুড়ায় ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেট জেলায়, ১২ দশমিক ৮ শতাংশ। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এ হার ২৪ দশমিক ৪ শতাংশ করে এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় এ হার ২৯ শতাংশ। সামগ্রিকভাবে সিলেট বিভাগে বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে কম।

শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন

শিশুদের শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে বান্দরবানে এ হার সবচেয়ে বেশি, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। এ ছাড়া দিনাজপুরে এ হার ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে শিশুদের প্রতি সহিংস আচরণের হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া চাঁদপুরে এ হার ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;