রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার পর আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস।
পিয়াস জানান, গত ১৭ নভেম্বর বেলা ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ নভেম্বর এ ঘটনায় একই থানায় মামলা করেন তিনি। তবে মামলা করেও নিরাপত্তা পাননি বলে অভিযোগ তাঁর।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন এই সাংবাদিক। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমন্ডি বয়েজ স্কুলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। এলাকাটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।
পিয়াস জানান, দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এর আগে ১৭ নভেম্বরের ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
পরপর দুবার ছিনতাই ও হামলার শিকার হওয়ার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাউস রহমান পিয়াস। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।
Leave a comment