সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কুশবু বেগম নামের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন ওই চীনা যুবক।
কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা। তিনি মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কুশবু বেগম ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২২ নভেম্বর ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়।
ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত রোববার ঢাকায় বিয়ে হলেও সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। এরপর থেকে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মঙ্গলবার স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে তাঁর বাবার বাড়িতে যান জাংলং।
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।
Leave a comment