যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে লালমাটিয়ার ৮/৯-এ ব্লক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
এর আগে আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে কেশবপুরে এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় ২০২৬ সালের এপ্রিলে আজিজুল ইসলামসহ ৫৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের খবর প্রকাশিত হয়।
তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
Leave a comment