নামের সঙ্গে ‘ইকো’ শব্দটি যুক্ত করা হলে কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী। তিনি বলেছেন, ‘ইকো’ তাঁর প্রকৃত পরিচয়, যোগ্যতা কিংবা পদবি নয়। তাই অনুষ্ঠানের প্রচারে নামের সঙ্গে শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আয়োজকদের উদ্দেশে এ কথা জানান তিনি।
পোস্টে আইমান আল জাওহারী লেখেন, ‘একটি বিশেষ অনুরোধ ও স্পষ্ট বক্তব্য—আমার নামের টাইটেলের সঙ্গে যদি ‘ইকো’ শব্দটি ব্যবহার করা হয়, তাহলে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব না।’
নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কারণ, ইকো আমার পরিচয় নয়, এটি আমার যোগ্যতা বা পদবি নয়। আমার নামের সঙ্গে এমন কোনো শব্দ যুক্ত করার প্রয়োজন নেই, যা আমার প্রকৃত পরিচয়কে প্রকাশ করে না।’
অনুষ্ঠানের আয়োজকদের প্রতি অতিরিক্ত উপাধি ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি চাই, আমাকে আমার নিজের নাম ও পরিচয়ে সম্মান জানানো হোক। সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কোনো টাইটেলের প্রয়োজন নেই।’
পোস্টের শেষাংশে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য আয়োজকদের অনুরোধ জানান তিনি।
Leave a comment