Home আন্তর্জাতিক নির্বাচনে বিজেপি প্রার্থীর হারের পর রাস্তার বাতি অপসারণ, প্রতিহিংসার অভিযোগ
আন্তর্জাতিক

নির্বাচনে বিজেপি প্রার্থীর হারের পর রাস্তার বাতি অপসারণ, প্রতিহিংসার অভিযোগ

Share
Share

ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এক প্রার্থীর পরাজয়ের পর গ্রামের রাস্তা থেকে এলইডি বাতি খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে বাতিগুলো বসানো হয়েছিল। কিন্তু প্রার্থী হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের কারণে বাতিগুলো অপসারণ করা হয়েছে।

রাজস্থানের টংক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির রণোলি গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত সমিতির সদস্যপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের আগে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি বাতি স্থাপন করা হয়। স্থানীয়দের দাবি, আলোক শর্মার উদ্যোগে এসব বাতি লাগানো হয়েছিল।

তবে নির্বাচনের ফল প্রকাশের পর প্রিয়াঙ্কা শর্মার পরাজয় নিশ্চিত হয়। এর কিছু সময় পরই গ্রামগুলো থেকে বাতি খুলে নেওয়ার কাজ শুরু হয়।

গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই বাতিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) এলাকায় গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলতে শুরু করে। স্থানীয়দের বাধা সত্ত্বেও কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে প্রায় ১০টি বাতি অপসারণ করা হয়।

তবে বাকি প্রায় ৪০টি বাতি খুলে নেওয়ার কার্যক্রম বন্ধ রাখা হয়। নবনির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা এসব বাতির বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছে বিদ্যুৎ বিভাগ।

জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগমের নির্বাহী প্রকৌশলী ডি আর মীনা জানান, বিদ্যুতের ত্রুটি মেরামতের জন্য এলাকায় গিয়ে তাঁদের কর্মীরা কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে অননুমোদিত সংযোগের মাধ্যমে রাস্তার বাতি জ্বলতে দেখেন।

পরে বিষয়টি যাচাই করে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়ায় বাতিগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি।

কীভাবে এবং কার অনুমতিতে এসব বাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এ বিষয়ে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মাও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন।

তাঁর দাবি, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে বাতিগুলো স্থাপন করেছিলেন। বিদ্যুৎ বিল ও সংযোগসংক্রান্ত জটিলতার কারণে বিদ্যুৎ বিভাগ সেগুলো অপসারণের ব্যবস্থা নেয়।

তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই বাতি খুলে নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হয়ে পাশে থাকবে চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন...

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব...

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুমাম কাদের, আবেগঘন পোস্ট

পাকিস্তানের পার্লামেন্ট হাউসে নিজের দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ...

;