Home আন্তর্জাতিক পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট

Share
Share

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। এসব সহিংসতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতিকে দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে গাড়ি ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব হামলার পর ইসরায়েলের রাজনৈতিক নেতাদের একাংশ সরকারের সমালোচনায় সরব হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা সব অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’।

তিনি অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নীতির কারণে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।

আইজেনকট বলেন, উগ্রপন্থী গোষ্ঠীগুলোর এ ধরনের সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। একই সঙ্গে মানুষের জীবন বিপন্ন করার পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি করছে।

হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক, গোয়েন্দা সংস্থা শিন বেতের অভিযান এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে আইজেনকটের অভিযোগ প্রত্যাখ্যান করে বেন-গভির দাবি করেছেন, রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ তুলছেন তিনি।

সরকারের সমালোচনায় বিরোধী নেতারা

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সরকারের অবহেলার কারণে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। সরকারের মন্ত্রীরা নীরব থেকে হামলাকারীদের উৎসাহিত করছেন বলেও মন্তব্য করেন তিনি।

লাপিদ বলেন, তাঁরা সরকার গঠন করতে পারলে এ ধরনের সহিংসতা মোকাবিলায় ব্যবস্থা নেবেন। একই সঙ্গে আইনের শাসন ও জনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান পশ্চিম তীরে তৃতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণ-অভ্যুত্থান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

তাঁর মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত থাকলে পশ্চিম তীরের পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পাশাপাশি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ঝুঁকির মুখে পড়বেন।

ইসরায়েলের সাবেক মেজর জেনারেল ও পার্লামেন্ট সদস্য নোয়াম তিবনও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পশ্চিম তীরে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রাতে পশ্চিম তীরের একাধিক স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার শিকার এলাকাগুলোর মধ্যে রয়েছে দেইর আল-সুদান, কাফর মালিক, দেইর আবু মাশাল, আল-তুওয়ানি ও দেইর বালুত।

ফিলিস্তিনি বাসিন্দাদের অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এসব হামলা চালিয়েছেন। কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দেয়ালে উসকানিমূলক স্লোগান লেখা হয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে। তবে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বসতি সম্প্রসারণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

এদিকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

গত ১৭ নভেম্বর পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি নির্মাণ ও আবাসন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

এর পরদিন তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানায়, অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘের অবস্থান অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। তাঁকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

নতুন সরকার গঠিত না হওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হয়ে পাশে থাকবে চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন...

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব...

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুমাম কাদের, আবেগঘন পোস্ট

পাকিস্তানের পার্লামেন্ট হাউসে নিজের দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ...

;