ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আব্দুল এল-সাঈদ। তাঁর মতে, ইসরায়েলি ইহুদি ও ফিলিস্তিনি—উভয় জনগোষ্ঠীরই সমান অধিকার, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সুযোগ থাকা প্রয়োজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত ‘দ্য আটলান্টিক সামিট’-এ এক সাক্ষাৎকারে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে এসব কথা বলেন তিনি।
এল-সাঈদ বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র হওয়া উচিত, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। রাষ্ট্রটির পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে নির্ধারিত না হয়ে আইনের অধীনে সবার স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
ইসরায়েলি ইহুদি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, উভয় জনগোষ্ঠীরই শান্তিপূর্ণভাবে বসবাস এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের সমান অধিকার রয়েছে।
ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের বিষয়ে এল-সাঈদ বলেন, ফিলিস্তিনিদের এমন একটি স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, যারা ইসরায়েলি ইহুদিদের সঙ্গে সমান অবস্থানে থেকে আলোচনায় অংশ নিতে পারবে।
সংকটের সমাধান এক রাষ্ট্রভিত্তিক নাকি দুই রাষ্ট্রভিত্তিক হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর নয়। সংশ্লিষ্ট দুই জনগোষ্ঠীর অধিকার ও মতামতের ভিত্তিতেই রাজনৈতিক সমাধান নির্ধারিত হওয়া উচিত।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হন আব্দুল এল-সাঈদ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন তিনি।
তবে নির্বাচনী প্রচারণার সময় ইসরায়েল নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্য মিশিগানের ইহুদি সম্প্রদায়ের একাংশের মধ্যে বিতর্কের সৃষ্টি করে।
গত মার্চে মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডে টেম্পল ইসরায়েল সিনাগগে হামলার চেষ্টার পর তাঁর একটি মন্তব্য সমালোচনার মুখে পড়ে। পরবর্তী সময়ে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এল-সাঈদ।
এদিকে, নির্বাচনের পর গবেষণা সংস্থা ‘দ্য জিউইশ মেজরিটি’র প্রকাশিত এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারী মিশিগানের ইহুদি ভোটারদের ৫০ শতাংশ এল-সাঈদকে এবং ৪৩ শতাংশ তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন। বাকি ভোটারদের মধ্যে ৪ শতাংশ সিনেট নির্বাচনে কাউকে ভোট দেননি এবং ৩ শতাংশ অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন।
ইসরায়েলের সমালোচনার কারণে ইহুদিবিদ্বেষ বাড়ছে—এমন উদ্বেগের বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেন এল-সাঈদ।
তিনি বলেন, কোনো জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে উদ্বেগকে তিনি গুরুত্ব দেন। তবে মানুষের নিরাপত্তার আশঙ্কা এবং ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা নিয়ে অস্বস্তি—এ দুটি বিষয় আলাদা করে দেখতে হবে।
গাজায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের প্রসঙ্গ তুলে এল-সাঈদ বলেন, এসব ঘটনার সমালোচনা করার অধিকার তাঁর রয়েছে। অন্যদের অস্বস্তির কারণে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলা বন্ধ করতে চান না তিনি।
এ সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তারও সমালোচনা করেন তিনি। এল-সাঈদের অভিযোগ, গাজায় গণহত্যা সংঘটনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে।
তবে গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল। দেশটির সরকারের দাবি, সামরিক অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসরায়েল আরও অভিযোগ করে আসছে, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস বেসামরিক স্থাপনা ব্যবহার করে সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
Leave a comment