বিএনপির আন্দোলন-সংগ্রামের ধরন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিএনপির শক্তিশালী ঘাঁটি বগুড়ায়ও খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময় উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ দেখা যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
টকশোতে রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার সময় বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপির শক্তিশালী ঘাঁটি বগুড়ায়ও উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। এ সময় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেত্রীর জন্য লড়াই করার মতো যথেষ্ট নিবেদন ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা এ ধরনের বিক্ষোভ বা প্রতিরোধমূলক কর্মসূচিতে অংশ নেয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর মতে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলনের ধরন ও চরিত্রের একটি দিক এ ঘটনা থেকে বোঝা যায়।
তিনি আরও বলেন, বিএনপিকে অনেকে বিরোধী দলের চেয়ে সরকারি দল হিসেবে ভালো পারফর্ম করে বলে মনে করেন। তবে রাজনীতি করতে হলে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলায় না জড়ানোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
টকশোতে জাতীয় সংলাপের প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে।
বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে রুমিন ফারহানা বলেন, গত আট-নয় মাস ধরে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। এ সময়ে দলটি যতটা সম্ভব নমনীয় অবস্থানে রয়েছে। তবে কঠোরতা দেখানোর জায়গা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ সময় অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও কারাগারের পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন রুমিন। তাঁর দাবি, এখনো কারাগারে নির্যাতনের ঘটনা ঘটছে। নারীদের ওপর রাতে আলো নিভিয়ে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়ার কথা জানান তিনি। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে পারেননি বলে স্পষ্ট করেন।
রুমিন ফারহানা বলেন, চার মাসের বেশি আগে কারাগার পরিদর্শনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তিনি। তবে এখন পর্যন্ত ওই আবেদনের বিষয়ে কোনো অগ্রগতি জানতে পারেননি।
Leave a comment