জাতীয় সংসদে দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে মন্তব্য করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এই শব্দচয়নে আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে চিফ হুইপের অনুরোধে সংসদের কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করার জটিলতা নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
আলোচনায় অংশ নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা মূর্খ। এ কারণে অনলাইনে আবেদন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে।
সংসদ সদস্যের এমন মন্তব্যের পর শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় ভাষা ব্যবহারে সচেতন থাকা প্রয়োজন।
চিফ হুইপ বলেন, গ্রামের অনেক কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। আবার দাপ্তরিক কাগজপত্র বুঝতেও তাঁদের সমস্যা হতে পারে। কিন্তু এ কারণে দেশের অধিকাংশ কৃষককে ‘মূর্খ’ বলা যায় না।
কৃষকদের অবদানের কথা তুলে ধরে চিফ হুইপ ডেপুটি স্পিকারের কাছে সংসদের কার্যবিবরণী থেকে আপত্তিকর শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানান।
চিফ হুইপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, কৃষকদের অনলাইনে ধান বিক্রির জটিলতা নিয়ে উত্থাপিত প্রশ্নটি যুক্তিসংগত। তবে এ ধরনের বিষয় তুলে ধরার সময় শব্দচয়নে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
পরে ডেপুটি স্পিকার সংসদের কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা দেন।
Leave a comment