Home জাতীয় স্বামীর মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর
জাতীয়

স্বামীর মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

Share
Share

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর অভিযোগ, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাসুমা আক্তার। এ সময় তাঁর সঙ্গে দুই শিশুসন্তানও ছিল।

মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।’

স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পাশাপাশি তাঁর স্বামীর মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।

মাসুমা আক্তারের দাবি, তাঁর স্বামী কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বলেননি। এ বিষয়ে জাহাঙ্গীর আলমের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।

পরিবারের আর্থিক অবস্থার কথা তুলে ধরে মাসুমা আক্তার বলেন, তাঁর স্বামী একজন কৃষকের সন্তান। একসময় তাঁর শ্বশুরের আয়ে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীর আলমের আয়ের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তাঁর স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি বলে দাবি করেন তিনি।

এদিকে রোববার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। একই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের মুঠোফোনে পাওয়া কিছু বার্তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বিসিএসের ২৮তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তাঁর বাবার নাম মো. জিন্নাত আলী। গ্রেপ্তারের আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে এক হাজার ‘জুলাই যোদ্ধা’

কর্মসংস্থানের জন্য সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধাকে’ মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে...

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...

কৃষকদের ‘মূর্খ’ বললেন সংসদ সদস্য, কার্যবিবরণী থেকে শব্দটি বাদ

জাতীয় সংসদে দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে মন্তব্য করেছেন...

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল...

;