জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে রোববার বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
আসিফ মাহমুদের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৫ সালের জুলাইয়ে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদের ভূমিকা ঘিরে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই ফেসবুকে মন্তব্য করেন আমজনতা দলের সাধারণ সম্পাদক।
Leave a comment