সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফাইনালে উঠবে এবং সেই ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল শুরুর আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান আমিনুল হক। পরে স্টেডিয়ামের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’
ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’
এর আগে গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে জায়গা পাবে স্বাগতিকেরা।
Leave a comment