Home জাতীয় অপরাধ গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান
অপরাধ

গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান

Share
Share

একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক | ব্যবসায়ী থেকে চিকিৎসক কেউ নিরাপদ নন | চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি | ফার্মেসি বন্ধের আলটিমেটাম | ১৮১ সন্ত্রাসী সক্রিয় থাকার তথ্য পুলিশের | যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত

খুলনায় গুলির শব্দ আর চাঁদাবাজির হুমকি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো প্রকাশ্যে গুলি করে হত্যা, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, আবার কখনো ফোনে লাখ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অপরাধীদের ভয়ে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সর্বশেষ রূপসায় দোকানে বসে থাকা বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী জাকির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তা নিশ্চিত না হলে ফার্মেসি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা।

শুধু একটি হত্যাকাণ্ড নয়, সাম্প্রতিক সময়ে খুলনায় অপরাধের ধরন ও বিস্তৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ঘটছে একের পর এক অপরাধ। হামলার শিকার প্রতিষ্ঠানগুলো পুলিশকে জানিয়েও আশ্বস্ত হতে পারছে না। অনেক ভুক্তভোগী প্রতিশোধের ভয়ে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। এ অবস্থায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দোকানে ঢুকে মাথায় গুলি, বিএনপি নেতা নিহত

এই আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে ঢুকে জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পুনর্গঠনসংক্রান্ত সার্চ কমিটির সদস্য ছিলেন তিনি। পাশাপাশি ইট-বালুর ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি সেখানে থামে। তাঁদের একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করে। পরে দুজনই মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ—দুই বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, ব্যবসায়িক বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাকিরের ঘনিষ্ঠ কয়েকজনের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

খুলনায় সাম্প্রতিক অপরাধ পরিস্থিতির চিত্র উঠে এসেছে বিভিন্ন ঘটনার পরিসংখ্যানে। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রায় ২০ দিনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে অন্তত ১৩টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। একই সময়ে গুলি ছাড়াও ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে আরও তিনজন নিহত হয়েছেন। অর্থাৎ এ সময় অন্তত নয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা মহানগর এলাকায়। বাকি চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় মোট হত্যাকাণ্ডের সংখ্যা ৭৯ বলে পুলিশ সূত্রে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে গুলিবর্ষণ, প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ধারাবাহিকতা নগর ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চাঁদা না দিলে গুলি, বন্ধ হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান

খুলনায় এখন শুধু ব্যক্তিগত বিরোধ বা আধিপত্য বিস্তার নয়, ব্যবসাপ্রতিষ্ঠানও সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি ও ইট-বালুর ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

খুলনা মহানগর ইট-বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের অভিযোগ, সম্প্রতি তাঁকে ফোন করে একটি সন্ত্রাসী বাহিনীর পরিচয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর স্ত্রীকেও ফোন করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি থানায় অভিযোগ জানাতেও সাহস পাননি। পরে নিজের ও স্ত্রীর মোবাইল ফোন নম্বর বন্ধ করে রাখেন।

অন্যদিকে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানের কাছে চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফয়সাল মুন্সি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসির মালিকের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আশিক তাঁর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে হামলার আশঙ্কায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন তিনি। টুটপাড়ার চয়নিকা ফার্মেসি ও জাহিদ ইলেকট্রিকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিকও হুমকির মুখে ব্যবসা বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের সামনে পুলিশ পাহারা থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় অনেক মালিক তালা খুলতে রাজি হচ্ছেন না। ফলে শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, এসব প্রতিষ্ঠানের কর্মচারী ও গ্রাহকেরাও ভোগান্তিতে পড়ছেন।

ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, তিন দিনের সময়

সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে সংগঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও খুলনা মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি এবং খুলনার সাধারণ কেমিস্টরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, জনসাধারণের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসিগুলো সকাল থেকে গভীর রাত, এমনকি অনেক ক্ষেত্রে সারা রাত খোলা রাখতে হয়। অথচ চাঁদাবাজদের হুমকিতে ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নগরীর টুটপাড়ার চয়নিকা ফার্মেসি ও রূপসার মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চেয়েছেন তাঁরা।

তিন দিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খুলনা অঞ্চলের সব কেমিস্ট ও ফার্মেসি বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এতে নগরবাসীর উদ্বেগ আরও বেড়েছে। কারণ, ফার্মেসি বন্ধ হলে জরুরি ওষুধ সংগ্রহ থেকে শুরু করে রাতের চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নগরে ১৮১ সন্ত্রাসীর তৎপরতার তথ্য

খুলনা মহানগর পুলিশের অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী, নগরীর আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী বেশি সক্রিয়। তাঁদের মধ্যে কয়েকটি বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, হামলা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বি কোম্পানি, নূর আজিম ও আশিক বাহিনীর নাম বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নূর আজিম গত বছরের ২ জানুয়ারি গ্রেপ্তার হলেও গত আগস্টে জামিনে মুক্তি পান। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার ঘটনায় তাঁর বাহিনীর নাম উঠে এসেছে। তাঁর ভাই শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৮-এর যৌথ দল। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমানের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেকের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁদের কেউ কেউ আগেও গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়ানোর বিষয়টিও পুলিশের নজরে রয়েছে।

হুমকির মুখে ভুক্তভোগীরা, মামলা করতেও ভয়

অপরাধের শিকার হলেও অনেকেই আইনি আশ্রয় নিতে চাইছেন না। কারণ, অভিযোগ করার পর আবার হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একাধিক ব্যবসায়ীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না থাকায় তাঁরা আশ্বস্ত হতে পারছেন না।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদারের মতে, শুধু মাঠপর্যায়ের অপরাধীদের গ্রেপ্তার করলেই পরিস্থিতির উন্নতি হবে না। অপরাধের নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগীদের মামলা না করার প্রবণতাও অপরাধ দমনের ক্ষেত্রে বড় বাধা।

সুশাসনের জন্য নাগরিক—সুজনের জেলা সভাপতি কুদরত-ই-খুদা মনে করেন, পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন, পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকা জরুরি। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়।

সংসদ থেকে রাজপথ, কঠোর পদক্ষেপের দাবি

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, অপরাধী যে-ই হোক কিংবা যার আশ্রয়েই থাকুক, প্রশাসন ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধিরা মাঠে নামবেন।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরাও। জাতীয় সংসদে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে নগরবাসীর নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, খুলনাবাসী এই পরিস্থিতি থেকে মুক্তি চায়।

অন্যদিকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান সন্ত্রাস দমনে পুলিশসহ অন্যান্য বাহিনীর দক্ষ সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, শুধু অপরাধী নয়, অপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

অবশেষে যৌথ অভিযানের সিদ্ধান্ত

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ সভায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি স্থাপন, এসব চেকপোস্টের নিরাপত্তায় ২০০ আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদারের কথাও বলা হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, জেলা পুলিশ, র‍্যাব-৬, নৌ-পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি বিশেষ সভায় রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে খুলনার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত বিশেষ অভিযান শুরুর দাবি তোলা হয়।

তবে শুধু বৈঠক, চেকপোস্ট কিংবা সাময়িক গ্রেপ্তারে পরিস্থিতির কতটা পরিবর্তন হবে, সেটিই এখন বড় প্রশ্ন। নগরবাসীর প্রত্যাশা, অপরাধীদের অস্ত্রের উৎস শনাক্ত, চাঁদাবাজদের গ্রেপ্তার, নেপথ্যের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই খুলনায় স্বাভাবিক জীবন ফিরবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল...

জামালপুরে ‘কিং সাইকো’ গ্যাংয়ের নেতা বিশাল গ্রেপ্তার

জামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...

;