অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণের কারণে তিনি আর্থিক সংকটে পড়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এর মধ্যে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
এ পরিস্থিতিতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন তিনি।
অনন্ত জলিল সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’
পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন, তাঁদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাঁকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। এ প্রসঙ্গে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’
তাঁদের জন্যও দোয়া করে অনন্ত লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’ পোস্টের শেষে ‘আমিন’ লেখেন তিনি।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় অনন্ত জলিলের। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করেন এই অভিনেতা।
Leave a comment