একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম কেনা যেত। তবে বর্তমানে সিম নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে সিম নিবন্ধন করতে হয়।
তবে নিজের কিংবা পরিবারের সদস্যদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা অনেকেই জানেন না। কখনো কখনো নিজের অজান্তেই অন্য কেউ এনআইডি ব্যবহার করে সিম নিবন্ধন করতে পারেন। এসব সিম ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
তাই নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা জানা জরুরি। ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে বিনা খরচে এ তথ্য জানা সম্ভব।
এক এনআইডিতে সর্বোচ্চ কতটি সিম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন। ২০২৫ সালের ১ নভেম্বর থেকে একজনের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম বন্ধের প্রক্রিয়া শুরু হয়।
নির্ধারিত সীমার বেশি সিম থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করে অতিরিক্ত সিমের নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হয়।
এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে
আপনার জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা জানতে যেকোনো মোবাইল ফোন থেকে একটি নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। এ জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। পদ্ধতিটি হলো—
১. প্রথমে মোবাইল ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।
২. এরপর *১৬০০১# নম্বরে ডায়াল করতে হবে।
৩. কিছুক্ষণ অপেক্ষা করলে একটি পপ-আপ বার্তা আসবে। সেখানে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা লিখতে হবে।
৪. এরপর সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
৫. কিছুক্ষণের মধ্যে ফিরতি খুদে বার্তায় আপনার এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমের সংখ্যা ও সংশ্লিষ্ট অপারেটরের নম্বরগুলোর আংশিক তথ্য জানা যাবে।
এই পদ্ধতিতে কোনো টাকা খরচ হয় না। বাটন ফোন, স্মার্টফোনসহ যেকোনো মোবাইল ফোন থেকেই সেবাটি ব্যবহার করা যায়।
অপরিচিত সিম পাওয়া গেলে কী করবেন
নিজের এনআইডির বিপরীতে নিবন্ধিত সিমের তালিকায় অপরিচিত কোনো নম্বর দেখতে পেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। দ্রুত সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করে সিমটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এতে নিজের অজান্তে নিবন্ধিত সিমের অপব্যবহারজনিত সম্ভাব্য আইনি জটিলতা এড়ানো সহজ হবে।
সূত্র: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
Leave a comment